সহজ বিয়ে

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ:

আপনার তথ্য আমাদের কাছে আমানত। এই পাতায় সহজ ভাষায় লেখা আছে আমরা কী তথ্য রাখি, কেন রাখি, কে দেখতে পায় আর কীভাবে তা মুছে ফেলবেন।

সংক্ষেপে

  • বায়োডাটা তৈরির সময় তথ্য শুধু আপনার ফোনে থাকে।
  • ছবি কখনো আমাদের সার্ভারে আসে না।
  • নাম, মোবাইল নম্বর, ইমেইল আর অভিভাবকের তথ্য কোনো পাতায় দেখানো হয় না।
  • ব্যবস্থাপনার লিংক দিয়ে যেকোনো সময় বায়োডাটা মুছে ফেলতে পারবেন।
  • আমরা কারও তথ্য বিক্রি করি না।

বায়োডাটা তৈরির সময়

বায়োডাটা মেকারে যা লেখেন, তা আপনার ফোন বা কম্পিউটারের ব্রাউজারেই সংরক্ষিত থাকে। PDF, ছবি আর প্রিন্টও আপনার ডিভাইসেই তৈরি হয়। এই সময় কোনো তথ্য আমাদের সার্ভারে আসে না। মেকারে ‘নতুন করে শুরু’ চাপলে ব্রাউজার থেকে সব তথ্য মুছে যায়।

ছবি

ছবি কখনো আপলোড হয় না। ছবি শুধু আপনার ব্রাউজারে থাকে আর আপনার নামানো PDF বা ছবিতে যুক্ত হয়। তালিকায় বায়োডাটা প্রকাশ করলেও ছবি আমাদের কাছে পাঠানো হয় না।

তালিকায় প্রকাশ করলে যা রাখি

‘ফ্রি তালিকায় প্রকাশ করুন’ থেকে জমা দিলে বায়োডাটার তথ্য আমাদের ডেটাবেজে জমা হয়। এর দুটি ভাগ:

  • প্রকাশ্য অংশ: বয়স, উচ্চতা, জেলা, শিক্ষা, পেশা, পারিবারিক তথ্য, দ্বীনি তথ্য, আপনার লেখা স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য, বিয়ে সংক্রান্ত তথ্য আর প্রত্যাশিত জীবনসঙ্গীর বিবরণ। অনুমোদনের পর এগুলো সবাই দেখতে পারেন।
  • গোপন অংশ: আপনার পূর্ণ নাম, অভিভাবকের নাম ও সম্পর্ক, অভিভাবকের মোবাইল, আর দিলে আপনার নিজের মোবাইল ও ইমেইল। এগুলো কোনো পাতায় দেখানো হয় না। শুধু অ্যাডমিন দেখেন, যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য।

ধর্মীয়, পারিবারিক ও স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য রাখার আগে আমরা আপনার স্পষ্ট সম্মতি নিই। সম্মতি না দিলে বায়োডাটা জমা হয় না। প্রকাশ্য অংশের লেখায় নিজের নাম বা মোবাইল নম্বর লিখবেন না।

যোগাযোগের অনুরোধ

কেউ যোগাযোগের অনুরোধ পাঠালে তাঁর নাম, মোবাইল নম্বর, সম্পর্ক আর বার্তা আমরা রাখি। যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য অ্যাডমিন এই তথ্য WhatsApp-এ সেই বায়োডাটার অভিভাবককে জানান।

স্প্যাম ঠেকাতে

অতিরিক্ত জমা ঠেকাতে আমরা গুনি, একটি ইন্টারনেট সংযোগ থেকে দিনে কতবার জমা হলো। এর জন্য আপনার আইপি ঠিকানা সরাসরি রাখা হয় না, শুধু এর একটি হ্যাশ রাখা হয়। হ্যাশ থেকে আসল ঠিকানা বের করা যায় না।

কুকি ও বিজ্ঞাপন

সাধারণ ব্যবহারকারীদের জন্য আমরা কোনো কুকি ব্যবহার করি না। শুধু অ্যাডমিন লগইনের জন্য একটি কুকি আছে। এই সাইটে কোনো বিজ্ঞাপন বা বিজ্ঞাপনের জন্য ট্র্যাকিং নেই।

তথ্য কোথায় থাকে, কে দেখে

সাইট আর ডেটাবেজ Cloudflare-এর সার্ভারে চলে। গোপন অংশ শুধু সহজ বিয়ে-এর অ্যাডমিন দেখেন। আমরা কারও তথ্য বিক্রি করি না, ভাড়া দিই না, বিজ্ঞাপনের কাজেও ব্যবহার করি না। শুধু আইন অনুযায়ী সরকারি কর্তৃপক্ষ চাইলে তথ্য দিতে বাধ্য হতে পারি।

কতদিন রাখি, কীভাবে মুছবেন

আপনি মুছে না ফেলা পর্যন্ত বায়োডাটা আমাদের কাছে থাকে। জমা দেওয়ার পর একটি ব্যবস্থাপনার লিংক পাবেন। সেই লিংক দিয়ে যেকোনো সময় বায়োডাটা লুকাতে, আবার দেখাতে বা স্থায়ীভাবে মুছে ফেলতে পারবেন।

মুছে ফেললে বায়োডাটা আর এর সব যোগাযোগের অনুরোধ সাথে সাথে ডেটাবেজ থেকে মুছে যায়। সার্ভারের স্বয়ংক্রিয় ব্যাকআপ থেকেও তা সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে মুছে যায়।

তথ্য বদলাতে চাইলে পুরোনো বায়োডাটা মুছে নতুন করে জমা দিন। লিংক হারিয়ে গেলে, বা আপনার পাঠানো যোগাযোগের অনুরোধ মুছতে চাইলে, বায়োডাটা নম্বরসহ hello@sohojbiyebd.com ঠিকানায় লিখুন।

আইন ও আপনার অধিকার

বাংলাদেশের ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬ অনুযায়ী ধর্মীয় বিশ্বাস ও স্বাস্থ্যের তথ্য সংবেদনশীল তথ্য। তাই আমরা আপনার স্পষ্ট সম্মতি নিয়ে, শুধু বায়োডাটা প্রকাশ আর যোগাযোগ করিয়ে দেওয়ার কাজে এগুলো ব্যবহার করি। আপনার কোন তথ্য আমাদের কাছে আছে জানতে, সংশোধন করতে বা মুছে ফেলতে চাইলে আমাদের লিখুন।

যোগাযোগ

এই নীতি নিয়ে কোনো প্রশ্ন থাকলে লিখুন: hello@sohojbiyebd.com। নীতিতে কোনো পরিবর্তন হলে এই পাতায় তারিখসহ জানানো হবে। আরও দেখুন: শর্তাবলি।